Sylhet Today 24 PRINT

দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে চৌহাট্টা-বন্দরবাজার সড়কের কাজ: সিসিক মেয়র

নগরীর উন্নয়ন কাজ পরিদর্শন করেন সিসিক মেয়র

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০২০

সিলেট নগরীর চৌহাট্টা থেকে বন্দরবাজার পয়েন্ট পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যেই শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) সকালে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন সিসিক মেয়র। এসময় তিনি বলেন, রাস্তা প্রশস্ত করা হচ্ছে নাগরিকদের চলাচলের সুবিধার জন্য। কিন্তু অবৈধভাবে গাড়ি পাকিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে জনচলাচলে বাঁধা সৃষ্টি করা হচ্ছে।

চৌহাট্টা থেকে বন্দরবাজার পর্যন্ত সড়কে যেন কেউ অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করতে না পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র বলেন, নগরীর রাস্তা প্রশস্তকরণের পাশাপাশি ড্রেন গুলোও বড় করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা না ফেলে অনেকেই রাস্তার পাশে ও ড্রেনে ময়লা আবর্জনা ফেলছেন। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা বাঁধাগ্রস্ত হচ্ছে। নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাস্তার পাশে, ড্রেনে আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র।

এসময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.