Sylhet Today 24 PRINT

খালেদা-তারেক লন্ডনে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে: মিসবাহ সিরাজ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৫

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিগত দিনে আন্দোলন-সংগ্রামের নামে তারা মানুষ পুড়িয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল। তখন জনতার প্রতিরোধের মুখে তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বর্তমানে বিদেশি নাগরিক ও পুলিশ হত্যা করে দেশকে অকার্যকর করতে চাচ্ছে। একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরকে নিয়ে বিএনপির বর্তমান চক্রান্ত জনতাই রুখে দাঁড়াবে।

আজ (২৮ অক্টোবর বুধবার) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের ফটকে ইউকে আওয়ামী লীগ নর্থহামটন সিটির সহ-সভাপতি জামাল উদ্দিনকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাজহারুল ইসলাম সুমন, আবুল কাশেম, পারভেজ আহমদ, শেখ মানিক মিয়া, সুজন আহমদ, মান্না দে, রুহিন খান, আলী নুর সম্রাট, শাহ নুর আলম, সায়মন আহমদ, রাহুল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.