Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনার মিমাংসা

দিরাই প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মীমাংসা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে উপজেলা প্রশাসন একাদশ -১ বনাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একাদশের মধ্যকার খেলায় খেলোয়াড়দের মাঝে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির বিষয়টি আপোষে মীমাংসা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ, দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী হায়দার আলীর উপস্থিতিতে বিষয়টির মীমাংসা করা হয়।

এ ব্যাপার আবাসিক প্রকৌশলী হায়দার আলী বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদলের খেলোয়াড়দের মাঝে বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি  ঘটনা ঘটে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি আমরা উভয় পক্ষ বসে মীমাংসা করে নিয়েছি, কিন্তু বিষয়টিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যা সত্যিই দুঃখজনক, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খেলাধুলার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডা হতেই পারে, খেলার মাঠে কে ইউএনও, কে ওসি এটা দেখার বিষয় নয়, মাঠে সবাই খেলোয়াড়। খেলোয়াড়দের মাঝে বাকবিতণ্ডা ধাক্কাধাক্কি হতেই পারে, যার মীমাংসা করবে পরিচালনা কমিটি, এটা নিয়ে তিলকে তাল বানিয়ে প্রচার করে একটি পক্ষ ফায়দা নিতে চাচ্ছে যা সত্যিই দুঃখজনক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, সুস্থ বিনোদনের লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের ৯ টি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকের খেলায় দুদলের খেলোয়াড়দের মাঝে ভুল বুঝাবুঝি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে যা আমরা বসে মীমাংসা করে দিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.