Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর পাইলট প্রকল্প’র ঘর পেলেন কমলগঞ্জের প্রতিবন্ধী

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাইলট প্রকল্প থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের আদমটিলায় ঘর পেয়েছেন প্রতিবন্ধী শুকুর মণি বাউরীর।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন ‘চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন প্রকল্প’ এর আওতায় নবনির্মিত ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন ও উপকারভোগী শুকুর মণি বাউরীর হাতে গৃহের চাবি তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি এমপি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, শিল্পপতি নজিবউল্লাহ সাব্বির, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, শমশেরনগর চা বাগানের ডেপুটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক শাহাজান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম মাহমুদুর রহমান আলতা প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাইলট প্রকল্প থেকে এমপি ড. আব্দুস শহীদের মাধ্যমে শমশেরনগর চা বাগানের আদমটিলাস্থ প্রতিবন্ধী শুকুর মণি বাউরীকে এই গৃহ প্রদান করা হয়। দেশের সকল উপজেলায় এধরনের প্রকল্প নাই জানিয়ে কমলগঞ্জ উপজেলায় ৫টি ও শ্রীমঙ্গল উপজেলায় ৬টি গৃহ বরাদ্দ পেয়ে ইতোমধ্যে দুইটির উদ্বোধন করা হয় এবং অতি শীঘ্রই বাকিগুলোর উদ্বোধন করা হবে বলে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.