Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্টুরেন্ট কর্মীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান আহমদ (২৮) নামে এক রেস্টুরেন্ট কর্মীর মৃত্যু হয়েছে। নিহত হাসান আহমদ (২৮) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার রাজনপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় দিকে উপজেলা সদরের বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, নিহত হাসান আহমদ বাসস্টেশন সংলগ্ন আতিক ডাক্তারের বিল্ডিংয়ে রুম ভাড়া করে থাকতেন। সকাল ১১টায় গোসল করে কাপড় রোদে শুকানোর জন্য বিল্ডিংয়ের ৩ তলার ছাদে উপড়ে যান। সেখানে বিদ্যুতের ৩৩ হাজার কেভির একটি মেইন লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে সেখান থেকে সিলেট তামাবিল মহাসড়কে ছিটকে পড়েন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাসান আহমদ ও তার বড় ভাই জাবেদ আহমদ জৈন্তা রেস্টুরেন্টে কাজ করতেন বলে জানা যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.