Sylhet Today 24 PRINT

আজ তাহিরপুর হানাদার মুক্ত দিবস

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, তাহিরপুর |  ০৪ ডিসেম্বর, ২০২০

আজ ৪ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার তাহিরপুর পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশ মাতৃকার টানে বাংলার দামাল ছেলেরা জীবন বাজি রেখে বর্বর পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে হানাদাররা তাহিরপুর ছেড়ে যেতে বাধ্য হয়। ওই দিনই তাহিরপুরে ওড়ানো হয় লাল সবুজের বিজয় নিশান।

এদিকে তাহিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তাহিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিন ও রৌজ আলীসহ অনেকেই জানান, তাহিরপুর উপজেলা ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব সেক্টরের বড়ছড়া, টেকেরঘাটের অধীনে ছিল। এই দিনে মুক্তিযোদ্ধারা উপজেলার বিভিন্ন এলাকায় রাত জেগে যুদ্ধ করে হানাদার বাহিনীদেরকে পরাজিত করেন। উপজেলা সদরে অবস্থানরত পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা নানা পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ভোর ৪টার পর পর মেজর মুসলেদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে পাক হানাদারদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে পাক হায়েনারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দে সবার মুখে উচ্চারিত হয় ‘জয় বাংলা, বাংলার জয়’ প্রতিধ্বনি। শুরু হয় আনন্দ মিছিল। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে সারা এলাকা।

মুক্তিযোদ্ধা সন্তান খেলু মিয়া বলেন, ‘৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় তাহিরপুর উপজেলা। এ দিনটি আমাদের জন্য অনেক গৌরবের। আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা দিবসটি পালনের জন্য সকল প্রস্তুতি নিয়েছি।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.