Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার থেকে ছিনতাই, গোলাপগঞ্জে এসে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

ছিনতাইকৃত টাকা ও পাসর্পোট উদ্ধার

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ সংবাদদাতা |  ২৯ অক্টোবর, ২০১৫

বিয়ানীবাজার-বহরগ্রাম সড়কের বিয়ানীবাজারের তক্তার পোল এলাকায়  বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টাকা ও পাসপোর্ট ছিনতাই করে পালানোর সময় বহরগ্রাম এলাকায় পথচারীরা দুই ছিনতাইকারীকে মোটর সাইকেলসহ আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত চার লাখ টাকা ও পাসর্পোট উদ্ধার করা হয়। ধৃত ছিনতাইকারীদের একজন গণপিঠুনীতে ঘটনাস্থলে নিহত হয়েছে।

বিক্ষুব্ধ জনতা ছিনতাইকাজে ব্যবহৃত মোটর সাইকেল পুড়িয়ে দেয়। আশংকাজনক অবস্থায় অপর ছিনতাইকারীকে গোলাপগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।

জানা যায়, বিয়ানীবাজার ইসলামী ব্যাংক থেকে চার লাখ টাকা নিয়ে ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েন বহরগ্রামের ইংল্যান্ড প্রবাসী শাহীন আহমদ। অটোরিকশা করে ব্যাংক থেকে উত্তোলিত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বিয়ানীবাজার-বহরগ্রাম সড়কের বিয়ানীবাজারের তক্তার পোল এলাকায় তিন মোটর সাইকেলে ছয় জন ছিনতাইকারী তার গতিরোধ করে। অস্ত্রের মুখে চার লাখ টাকা ও একটি পাসর্পোট ছিনতাই করে তারা পালিয়ে যায়। এ খবর শাহীন মোবাইলে ফোনে এলাকার লোকজনদের জানান। এ সময় দুই মোটর সাইকেল আরোহী দুই যুবককে সন্দেহ হলে পথচারীরা তাদের আটক করেন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত চার লাখ টাকা ও শাহীন আহমদের পাসর্পোট পাওয়ার দুই ছিনতাইকারীকে বেধে স্থানীয়রা বহরগ্রাম ফেরিঘাট এলাকায় নিয়ে যান। গোলাপগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগে গণপিটুনিতে এক ছিনতাইকারী মারা যায়। আশংকাজনক অবস্থায় পুলিশ অপর ছিনতাইকারীকে উদ্ধার কওে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ এক ছিনতাইকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতের সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হবে। আটককৃতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.