Sylhet Today 24 PRINT

পরিবেশ সুন্দর রাখতে গাছের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  |  ০৫ ডিসেম্বর, ২০২০

ফাইল ছবি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘পরিবেশ সুন্দর রাখতে হলে গাছের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করতে হবে। তিন-চার বছর গাছের যত্ন নিলেই পরিবেশ সবুজ ও দৃষ্টিনন্দন হবে।’

শনিবার (৫ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মন্ত্রী ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, সর্বোপরি স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার ব্যাপারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। অধিকাংশ লোকই করোনা পরীক্ষা করাতে অনাগ্রহী। ফলে একজন আক্রান্ত হলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছেন।’

লক্ষণ দেখা দিলে নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করাতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সভায় উপস্থিত কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, নারী ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.