Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রলীগের মিছিল থেকে চরমোনাই পীরের ওয়াজের গেইট ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০২০

সিলেটের ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল থেকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের পাশে নির্মিত সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)-এর ওয়াজ মাহফিলের জন্য নির্মিত গেইট ভাঙচুর করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রোববার দুপুরে ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। মিছিলটি চৌহাট্টা থেকে আলিয়া মাদ্রাসার দিকে যাওয়ার সময় আলিয়া মাদ্রাসার সামনে মূল সড়কের উপর নির্মিত একটি গেইট ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম (চরমোনাই পীর) এর ওয়াজ মাহফিল উপলক্ষে এই গেইটটি নির্মাণ করা হয়েছিলো। আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে এই ওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে গেইট ভাঙচুরের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা।

রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে ধর্মভিত্তিক বিভিন্ন গোষ্ঠী। ভাস্কর্য নির্মিত হলে তা ভেঙে ফেলারও হুমকি দিয়ে আসছে এদের কেউ কেউ। তাদের মধ্যে চরমোনাই পীরও রয়েছেন।

ভাস্কর্য নির্মাণ ইস্যুতে ধর্মভিত্তিক দলগুলোর বিক্ষোভের মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শনিবার থেকে বিক্ষোভ করছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠন। রোববার সিলেটে পৃথক পৃথক মিছিল হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.