Sylhet Today 24 PRINT

পৌরসভা নির্বাচন : বড়লেখায় আচরণবিধি লঙ্ঘন করে কাউন্সিলর প্রার্থীর জনসভা

বড়লেখা প্রতিনিধি  |  ০৭ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করার অভিযোগ পাওয়া গেছে।

শুধু তাই নয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার স্বাস্থ্যবিধি মেনে চলতে যেখানে কঠোর নির্দেশনা দিয়েছে, সেখানে কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকীর ওই সভায় আসা অনেকেই সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, মাস্কও পর্যন্ত পরেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকী শনিবার রাতে হাটবন্দ এলাকায় প্যান্ডেল তৈরি করে নির্বাচনী জনসভার আয়োজন করেন। সেখানে মাইকও লাগিয়ে বক্তব্য দেওয়া হয়। এমনকি সভাতে আসা লোকজনদের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়। এছাড়া ওই সভায় আসা অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ঘাঁ ঘেঁষাঘেঁষি করে চেয়ারে বসেন। অনেকের মুখে মাস্কও ছিল না।

নির্বাচনের বিধি অনুযায়ী, পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনোধরনের শোভাযাত্রা বা জনসভা করা যাবে না। অবশ্য পথসভা বা ঘরোয়া সভা করতে চাইলে সভার ২৪ ঘন্টা আগে স্থান ও সময় সর্ম্পকে পুলিশকে অবহিত করতে হবে। যাতে ওই স্থানে চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

কিন্তু জেহিন সিদ্দিকী নির্বাচনবিধি না মেনেই জনসভার আয়োজন করেন।

এ বিষয়ে জানতে কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকী বলেন, নির্বাচনে অংশ নিতে হলে এলাকার লোকজনদের নিয়ে বসতেই হয়। এই সময়ে সরকার যেহেতু নির্বাচন দিয়েছে, তাই আমি স্বাস্থ্যবিধি মেনে একটি সভা করেছি। মেয়র প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরাও এ ধরনের সভা করছেন বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে কোনোধরনের জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না। যারা নির্বাচনী বিধি লঙ্ঘণ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলর প্রার্থী জেহিন সিদ্দিকীর আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.