Sylhet Today 24 PRINT

চারদিন পর সচল ওসমানী মেডিকেল কলেজের পিসিআর মেশিন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ডিসেম্বর, ২০২০

করোনা রোগী শনাক্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পলিমার চেইন রিয়াকশন (পিসিআর) মেশিন চারদিন পর সচল হলো।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে  হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটটুডেকে এ তথ্য নিশ্চিত করেন জানান, গতকাল সোমবার সন্ধ্যায় মেশিনটি পুনরায় চালু করে তাতে নমুনা পরীক্ষা শুরু হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মেশিনটি সোমবার বিকেলে মেরামত সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় কয়েকটি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিন পুরোদমে করোনা পরীক্ষা শুরু হয়েছে।’

মেশিনে কি ধরণের সমস্যা হয়েছিলো? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেশিনের পাওয়ার জেনারেশনে সমস্যা হয়েছিলো। সেখানে থাকা একটি সার্কিট নষ্ট হয়ে গিয়েছিলো। সেটিকে নতুন করে পুনঃস্থাপন করা হয়েছে। এখন মেশিনটি পুরোপুরি সচল রয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে হাসপাতালটির পিসিআর ল্যাব বিকল হওয়ায় সিলেটে করোনাভাইরাস পরীক্ষা সাময়িক ব্যাহত হয়। এ কারণে মূলত বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা। সিলেটের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা আটকে যায়। অবশেষে গত শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা থেকে মেশিন মেরামতে আসেন টেকনিশিয়ানরা। তাদের চেষ্টায় সমস্যা সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ এপ্রিল সিলেট বিভাগের চার জেলার ১১৬ টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে সিলেটে যাত্রা শুরু করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পলিমার চেইন রিয়াকশন (পিসিআর) মেশিন। সাত মাস পর গত শুক্রবার হঠাট কর বিকল হয়ে পড়ে মেশিনটি। করোনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় অণুজীববিজ্ঞান বিভাগের লাইব্রেরি কাম রিডিং রুমে পিসিআর (পলিমার চেইন রিয়াকশন) ল্যাব স্থাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.