বড়লেখা প্রতিনিধি | ১০ ডিসেম্বর, ২০২০
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তারা হলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামিল উদ্দিন ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরাস উদ্দিন রাজু।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান।
প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ ১০ ডিসেম্বর। আগামীকাল ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার আছেন।