Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ট্রলিচাপায় বৃদ্ধার মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১০ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রলিচাপায় আমিনা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কমলগঞ্জ-কুরমা সড়কের হেরেঙ্গাবাজার এ দুর্ঘটনাটি ঘটে। আমিনা বেগম উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের তৈমুজ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কমলগঞ্জ-কুরমা সড়কের হেরেঙ্গাবাজার এলাকায় ইট বহনকারী ট্রলিচাপায় পথচারী আমিনা বেগম নামে এক বৃদ্ধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডা: অভিজিৎ সিংহ দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষনা করেন।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাল জানান, ট্রলি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আপতত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.