Sylhet Today 24 PRINT

বড়লেখায় আ.লীগ নেতা খুন !

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নিং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃমজির উদ্দিন দুবৃত্তদের আক্রমনে নিহত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৫


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ নং শাহবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য  মো. মজির উদ্দিন (৬০) কে গতকাল শুক্রবার রাতে   দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে । পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে।   তাঁর বাড়ি উত্তর শাহবাজপুরের নান্দুয়া গ্রামে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজির রাত ১০টার দিকে বাড়িতে খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত ১১টার দিকে তাঁর মোবাইল ফোনে একটি কল আসে। এরপর তিনি নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা নান্দুয়ার পার্শ্ববর্তী শ্রীধরপুর মসজিদের সামনের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় অটোরিকশার চালক সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে কাতরাতে দেখেন। পাশেই মোটরসাইকেলটি ফেলে রাখা ছিল। অটোরিকশার চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সড়কে পড়ে থাকা ব্যক্তি মজির উদ্দিন বলে শনাক্ত করেন। পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান , সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মজির উদ্দিনের মাথায় ধারালো অস্ত্রের পাঁচটি আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মজিরের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


মজির উদ্দিন ঐ এলাকায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ছিলেন বলে জানা যায় । তাঁর ভাই আমীর উদ্দিন ছিলেন বীর মুক্তিযোদ্ধা । আমীর উদ্দিনকেও সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিলো ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.