Sylhet Today 24 PRINT

লাখাইয়ে জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৪০

নিজস্ব প্রতিবেদক |  ১১ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের লাখাইয়ে খাস জমির দখল নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ভরপূর্ণি গ্রামের আজিজ মিয়া এবং আকরাম আলীর মধ্যে কিছু সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করেন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আজিজ মিয়া ও আকরাম আলী গংদের মধ্যে একটি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.