Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন

শাবি প্রতিনিধি |  ১৩ ডিসেম্বর, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার।

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গনি।

মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিতর্কের সুযোগ নেই। শুধু বাংলাদেশ নয় বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশে ভাস্কর্য আছে। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, তখন কিছু দুর্বৃত্ত ধর্মের নামে উস্কানিমূলক কথা বলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে আর বাড়তে দেওয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানের অংশ। বঙ্গবন্ধুর উপর আঘাত করা মানে সংবিধানের উপর আঘাত করা। যারা বঙ্গবন্ধুকে উপর আঘাত করবে, এ দেশের আইন মানবে না, ধর্মের নামে উস্কানিমূলক কথা বলবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। এদেশে থাকতে হলে সংবিধানের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় তাদেরকে এ দেশ থেকে বের হয়ে যেতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.