নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের ছাতকে শনিবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি রিভলবারসহ ফয়জুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ফয়জুর রহমান উপজেলার হরিষপুর-মুক্তিরগাঁও এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে ছাতক থানায় মামলা দায়ের করেছে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেটের কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে হরিষপুর-মুক্তিরগাঁও এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় ফয়জুর রহমানকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফয়জুর রহমান দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।