নবীগঞ্জ প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০২০
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন। সোমবার সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ৪০টি মনোনয়ন ফরম ক্রয় করা হয়। নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে যুগ্ম নির্বাচন কমিশনার এম এ আহমদ আজাদ ও সুবিনয় রায় বাপ্পির কাছ থেকে এসব মনোনয়ন ফরম ক্রয় করা হয়। এ সময় প্রেসক্লাব সভাপতি মো. সরওয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়াসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে- ৭ জন প্রার্থীর নামে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। প্রার্থীরা হলেন- দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি এস আর চৌধুরী সেলিম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, দৈনিক উত্তরপূর্বের নবীগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক দিনকালের নবীগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান অলি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কিবরিয়া চৌধুরী ও দৈনিক সকালের প্রতিনিধি আশাহিদ আলী।
সহ-সভাপতি পদে ফরম ক্রয় করেন- দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, হবিগঞ্জের আয়নার প্রতিনিধি আকিকুর রহমান সেলিম, বিজয়ের প্রতিধ্বনির মুরাদ আহমেদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান, খবর বাংলাদেশের প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম ক্রয় করেছেন দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. সেলিম তালুকদার, চ্যানেল এস (ইউকে) প্রতিনিধি রাকিল হোসেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি এটিএম জাকিরুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে- বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক একাত্তরের কথার প্রতিনিধি ছনি চৌধুরী, দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, খবর বাংলাদেশের প্রতিনিধি হাবিবুর রহমান শামীম, দৈনিক আজকের হবিগঞ্জের প্রতিনিধি নাবেদ মিয়া, দৈনিক লোকালয় বার্তার প্রতিনিধি তৌহিদ চৌধুরী।
কোষাধ্যক্ষ পদে মনোনয়ন ফরম ক্রয় করেছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী ও স্বদেশ বার্তার প্রতিনিধি আলী হাসান লিটন।
এ ছাড়াও নির্বাহী সদস্য ৮ পদের বিপরীতে ১৫ টি মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। এদিকে তফশিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নির্ঘুম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে শহর জুড়েই যেন সাংবাদিকদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী নবীগঞ্জ ডাকবাংলোতে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সে লক্ষ্যে ১৪ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ, ১৬ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৮ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।