Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দার শিপন হাজারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ১৫ ডিসেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শিপন হাজীর ওরফে হাজারী শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্বনাথ থানার উত্তর ধর্মদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

অপরদিকে রাজীব এবং সবুজ নামের দুই ডাকাতকে গত ১৪ ডিসেম্বর বিশ্বনাথ থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়।

সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে রাত ৮টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মঙ্গলবার ১৫ ডিসেম্বর বিশ্বনাথ থানার উত্তর ধর্মদা এলাকা ডাকাত দলের সর্দার শিপন হাজীর ওরফে হাজারী শিপনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে এলাকার কবরস্থান হতে দুটি দেশীয় তৈরি পাইপগান, ০১ টি গ্রীল কাটার এবং ০৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হাজারী প্রায় ১০ বছর ধরে ডাকাতির সাথে জড়িত। সে আন্ত: বিভাগীয় ডাকাত দলের সর্দার। ডাকাত সর্দার শিপন হাজারীর বিরুদ্ধে সিলেট জেলা, সিলেট মেট্রোপলিটন এলাকা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ মোট ২১টি মামলা আদালতে বিচারাধীন/তদন্তাধীন রয়েছে।

অপরদিকে গত ১৪ ডিসেম্বর বিশ্বনাথ থানা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য একত্র হয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ রাজীব এবং সবুজ নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দুই দিন আগে দক্ষিণ সুরমা থানা এলাকায় ডাকাতি করে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.