জৈন্তাপুর প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০২০
জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন আর নেই। আজ (১৬ ডিসেম্বর) বুধবার সকাল ৮টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উত্তর মাহুতহাটি গ্রামের সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফের পিতা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ। তিনি জানান, আজ বাদ আছর মরহুমের নিজ বাড়ি উপজেলার নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর রাজবাড়ীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মৃত্যুকালে চার ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে।
এদিকে বিজয় দিবসে মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনকে হারিয়ে শোক প্রকাশ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়রাল আবেদীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শামীম আহমদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।