জগন্নাথপুর প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক ১২জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়া, ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ, টিপু মিয়া, মনু মিয়া, আফজাল হোসেন, জাকার মিয়া, আবু মিয়া, আমিন হোসেন, সুয়েবুর রহমান, সানু মিয়া, সাকিল আহমদ ও আব্দুল গফুর।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আটককৃত ১২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এখনো থানায় এবিষয়ে কোনো পক্ষ মামলা করেনি।
প্রসঙ্গত, নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা নজির হোসেনের গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার গ্রামের এক ব্যক্তির চল্লিশ দিনের শিরনীতে সিরাজ মিয়ার সাথে নজির হোসেনের পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। যার জের ধরে ও আধিপত্য বিস্তার করতে গিয়ে বুধবার বিকেলে নজির হোসেনের পক্ষের লোকজনের হাতে সিরাজ মিয়া লাঞ্ছিত হন। এরপর সিরাজ মিয়ার পক্ষের লোকজন বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েন। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। গুলিবিদ্ধ আট জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।