Sylhet Today 24 PRINT

আরিফকে নিয়ে শামীমের ‘কটূক্তি’: সিলেটের বিএনপি নেতাদের নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে 'কটূক্তির' নিন্দা জানিয়েছেন সিলেটের বিএনপি নেতারা।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের শামীম স্থানীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে মেয়র আরিফকে নিয়ে কটূক্তি করেন।

এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, আহমেদুর রহমান মিলু, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও মাহবুবুল হক চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে যখন আরিফুল হক চৌধুরীর রাজনীতির হাতেখড়ি, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, শুধু তাই নয়- সিলেটের উন্নয়নে যিনি আলোকিত সিলেটের রূপকার হিসেবে আবির্ভূত হয়েছেন, সিলেট অঞ্চলে বিএনপিকে ইর্ষান্বিত পর্যায়ে পৌঁছে দিয়েছেন এবং দীর্ঘদিন দলের জন্য কারাভোগ করেছেন, শহীদ জিয়ার আদর্শকে লালন করে যিনি অদ্যাবধি দল ও জনগণের রাজনীতি করে যাচ্ছেন সেই আরিফুল হক চৌধুরীকে নিয়ে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করা এবং শহীদ জিয়ার আদর্শ ও রাজনীতির বিরুদ্ধে পুরো যৌবন কাটিয়ে বিএনপিতে যোগ দেয়া আবুল কাহের শামীমের কটুক্তিমূলক মন্তব্য হাস্যকর। আমরা মনেকরি, তিনি সুস্থ ও সজ্ঞানে এই ধরনের মন্তব্য করেননি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে টানা দুইবার ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে সিলেটের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে যিনি নিবাচিত হয়েছেন এবং সারা বাংলাদেশের মধ্যে একজন জনপ্রিয় মেয়র হিসেবে পরিচিতি পেয়েছেন, জনগণের কল্যাণে বিএনপির প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তাকে নিয়ে বিতর্কিত কর্মকান্ডের জন্য দুই দুই বহিষ্কৃত আবুল কাহের শামীমের মুখে এমন মন্তব্য একেবারেই মানায় না।

নেতৃবৃন্দ আরো বলেন, গত ৬ ডিসেম্বর ২০২০ তারিখে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা যেখানে বলেন, ১৫ আগস্টের পরবর্তী সকল সরকার অবৈধ, আবুল কাহের শামীম সেই বক্তব্যকে সমর্থন দিয়ে এসেছেন। এরপর আর আবুল কাহের শামীম বিএনপি করার নৈতিক অধিকার হারিয়েছেন বলে আমরা মনে করি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আবুল কাহের শামীমের এইধরণের বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনার জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.