Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় আ. লীগের বিদ্রোহীসহ ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা

পৌরসভা নির্বাচন

কুলাউড়া প্রতিনিধি  |  ২০ ডিসেম্বর, ২০২০

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৪ মেয়র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন  কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার মেয়র পদপ্রার্থীসহ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।

আওয়ামী লীগের দলীয় সুত্রে জানা যায়, বর্তমান মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও শফিউল আলম শফি নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন চান। সেই প্রেক্ষিতে পৌর আওয়ামীলীগ বর্ধিত সভায় তাদের নাম প্রস্তাব করে জেলা ও  উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে। জেলা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রীয় আওয়ামী লীগের  মনোয়ন বোর্ডের কাছে পাঠায়। ১৮ ডিসেম্বর রাতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদেক কুলাউড়া পৌর নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেন।

এদিকে বর্তমান মেয়র মনোনয়ন বঞ্চিত হয়ে গতকাল ১৯ ডিসেম্বর রাতে ঢাকা থেকে ফিরে এক পথসভায় বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করার ঘোষণা দেন।

এর আগে গত ৫ ডিসেম্বর মৌলভীবাজার জেলা বিএনপি কুলাউড়া পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের একক প্রার্থী হিসেবে সাবেক উপজেলা সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদের নাম ঘোষণা করেন।

কুলাউড়া পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত উপজেলা রিটার্নিং কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা বলেন, মেয়র ও কাউন্সিলর পদে যারা মনোনয়ন ক্রয় করেছিলেন তাঁদের মধ্যে মেয়র পদে এবং কাউন্সিলর ৩৪ জনের মধ্যে ৩৩ জন্য ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলা তৈরী  না করেন সেজন্য মনোনয়ন জমা দানকারীদের সচেতন করে দেওয়া হয়ে হয়েছে। আগামী ২২ ডিসেম্বর মনোনয়ন জমাদানকারীদের প্রার্থীতা যাচাই বাছাই করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.