Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২২ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার যাচাই-বাছাই শেষে ২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুযারি অনুষ্ঠিতব্য কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকারী ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে মঙ্গলবার। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়ে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর দেওয়ান আং রহিম মুহিন ও ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ কামরুল হাসানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার।

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ‘খেলাপি ঋণের অভিযোগে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল করতে পারবেন। আপিলে যদি তারা বৈধ হন তাহলে আবারো নির্বাচনে আসার সুযোগ পাবেন। আর সেখানেও অবৈধ হলে তারা নির্বাচনের সুযোগ হারাবেন। এ ছাড়া অন্য ৪৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.