নবীগঞ্জ প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০২০
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, ‘পৌর নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের মধ্যে কোনো উপকোন্দল সৃষ্টি করে দলীয় প্রার্থীকে ডুবানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও যথাযত ব্যবস্থা নেওয়া হবে’।
তিনি বলেন, ‘দলে অনুপ্রবেশকারী ও গুপ্তচর এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতি রয়েছে। ইতিমধ্যে যারা জনপ্রতিনিধি হয়ে দুর্নীতি করেছেন তাদেরকে দলীয় ও প্রশাসনিকভাবে বয়কট করা হচ্ছে’।
নবীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে সাংগঠনিক সফরে এসে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আওয়ামী লীগের প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরীকে নির্বাচিত করতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন শফিক বলেন, ‘নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দুর্নীতির বিরুদ্ধেও দলীয় তদন্ত করা হচ্ছে। অচিরেই সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে’।
তিনি আরও বলেন, ‘বিগত ইউপি ও উপজেলা নির্বাচনে কিছু দলীয় বিরোধী প্রার্থী ও নেতাকর্মীকে সাধারণ ক্ষমা করা হলেও এবার সেই সুযোগ দেয়া হবে না’।
এর আগে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরীর সমর্থনে পৌর আওয়ামী লীগের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমেদ।
সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী প্রমুখ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক আরও বলেন, ‘পৌর নির্বাচনে নবীগঞ্জে ৭জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে গোলাম রসূল রাহেল চৌধুরীকে মনোনীত করা হয়েছে। আশা করি নবীন প্রবীনের সমন্বয়ে সবাই মিলে দলীয় কোন্দল ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন’।