Sylhet Today 24 PRINT

অভিযানে জরিমানার পরই সিলেটে পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০২০

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি পেট্রোল পাম্পকে জরিমানার পর ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন।

টানা পরিবহন ধর্মঘটের কারণে অচল হয়ে পড়া সিলেটের অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন তারা। ৬ দফা দাবিতে ২৭ ডিসেম্বর থেকে সিলেটের সিএনজি রিফুইলিং স্টেশন ও পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট আহ্বানের তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা ৬ টি দাবিতে ধর্মঘট আহ্বান করেছি। দাবিগুলো হলো- জ্বালানী তেল বিপণন কোম্পানি কর্তৃক নিম্নমানের পেট্রোল সরবরাহ বন্ধ করতে এবং পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ডের উন্নত মানের পেট্রোল সরবরাহ করতে হবে। জ্বালানী তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানী তেল টেস্টিং ল্যাব স্থাপন করতে হবে। বিভিন্ন সরকারী সংস্থা কর্তৃক অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানী আচরণ বন্ধ করতে হবে। সরকারি অধিদপ্তর কর্তৃক পেট্রোল পাম্পে অভিযান পরিচালনাকালে এসোসিয়শনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সরকারী অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স সমূহ নবায়ন সহজ করতে হবে। দুর্বৃত্তপরায়ন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে।

জুবায়ের আহমদ চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন থেকে সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদিত তেল বিক্রি করে আসছিলাম। কিন্তু কয়েকমাস থেকে সিলেটের পাম্পগুলোতে গ্যাস ফিল্ডের তেল না দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের তেল দেয়া হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের তেল খুবই নিম্নমানের ও ভেজাল। যার কারণেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আমাদের পাম্পগুলোতে জরিমানা করেছে।

তিনি আরও বলেন, আমাদের দাবি অনেক পুরোনো। পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদিত তেল আমাদেরকে দিতে হবে। সেই সাথে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করতে হবে।

জানা যায়, গত সোমবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জ্বালানি তের পরিমাপে অনিয়মের কারণে ৪ টি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়।

ওই অভিযানে মেসার্স বেঙ্গল গ্যাসোলিন এন্ড সার্ভিসিং-কে ১ লক্ষ টাকা, হাজি মজনু মিয়া ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা, মেসার্স সুরমা পেট্রোলিয়ামকে ৫০ হাজার টাকা ও মেসার্স নর্থ ইস্ট ওয়েল কোম্পানিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই জরিমানার পরই ধর্মঘটের ডাক দেয় পেট্রোল পাম্প মালিকদের সংগঠন।

প্রসঙ্গত, সিলেটের বন্ধ থাকা কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন শুরুর দাবিতে মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করছে সিলেটের পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.