Sylhet Today 24 PRINT

‘আমি প্রেগন্যান্ট, বলরাম আমাকে অস্বীকার করেছে’

মাধবপুরে সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি  |  ২৬ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মন্দিরা সাঁওতাল (২২) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সুরমা চা বাগানের বলরাম হাজদার বড় স্ত্রী ও দুই সন্তানের জননী।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের তেলিয়াপাড়া রেলস্টেশনের ৫০ গজ উত্তর দিকে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘ সময় যাবত রেললাইনের পাশে বসে ছিলেন। চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি আসলে তিনি দৌঁড়ে গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে তার শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন হয়ে চার টুকরো হয়ে যায়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং রেলওয়ে পুলিশের শ্রীমঙ্গল থানাকে অবগত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী মন্দিরাকে রেখে বলরাম হাজদার আরেকটি বিয়ে করেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একারণে তিনি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন।

সুইসাইড নোটে লেখা ছিল, ‌'আমি প্রেগন্যান্ট, বলরাম আমাকে অস্বীকার করায় আমি আত্মহত্যা করেছি।'

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ঘটনাস্থলে পড়ে ছিল।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.