Sylhet Today 24 PRINT

‘আগের চেয়ে ভোট দেওয়া সোজা, কমসময়ে ভোট দেওয়া যায়’

বড়লেখা প্রতিনিধি  |  ২৮ ডিসেম্বর, ২০২০

সকাল সাড়ে ১১টা। শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন নারী ভোটার ফাতেমা বেগম। ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘আগের চেয়ে ভোট দেওয়া সোজা। কমসময়ে ভোট দেওয়া যায়। কোনো সমস্যা হয়নি।’

তিনি আরও জানান, মেশিনে আমার ভোট অন্য কারও দেওয়ার সুযোগ নেই।

একই কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসার পর সুলতানা আক্তার নামের এক নারী ভোটার বলেন, ‘নতুন পদ্ধতিতে ভোট দিতে ঝামেলা হয়নি। খুব সুন্দরভাবে ভোট দিতে পেরেছি।’

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দেবল সরকার জানান, সকাল ৯টার পর থেকে ভোটারের সংখ্যা বাড়ছে। এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে ১ হাজার ৪৪৪। সকাল ১০টা পর্যন্ত ১৮০টি ভোট পড়েছে।

এছাড়াও শহরের পাথারিয়া ছোটলিখা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদীয়া আলীয়া ফাজিল মাদ্রাসা, গাজীটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও স্বাভাবিকভাবে ভোট চলতে দেখা গেছে।

আজ সোমবার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। ১০টি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে নারী-পুরুষরা ভোটধিকার প্রয়োগ করছেন।

বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং সন্তোষজনক ভোটার উপস্থিতি।’

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন উপলক্ষে সবধরনের প্রস্তুতি নেয় প্রশাসন। এসব কেন্দ্রে আগের দিন নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের জন্যে ১০ টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.