Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ফুটপাত বেদখল, ধাক্কাধাক্কি করে চলতে হয় পথচারীদের

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ফুটপাতের প্রায় পুরোটায় দখল করে নিয়েছেন ভাসমান ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন পথচারীরা। ধাক্কাধাক্কি করে চলতে হয় তাদের।

সোমবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের টিএনটি রোডের সামনের দক্ষিণ এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মুক্তিযোদ্ধা মোড় থেকে পৌর পয়েন্ট এলাকায়সহ বিভিন্ন স্থানে জনসাধারণের চলাচলের জন্য গড়ে ওঠা ফুটপাত দখল করে ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। এরমধ্যে অনেকদিন ধরে টিএনটি রোডের সামনের পাঁচতারা হোটেলের নিকটবর্তী এলাকায় ফুটপাত দখল করে কয়েকজন হকার ফল ও কাপড় দোকান বসিয়েছেন। এতে ওই এলাকায় মানুষের প্রচন্ড ভিড় লেগেই থাকে। ফলে প্রতিনিয়ত পথচারিরা ভোগান্তির শিকার হচ্ছে। এমনকি ভিড়ে যৌন হয়রানির শিকার হতে হয় তরুনীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, পেট চালানোর জন্য আমরা দোকান করেছি। লোকজনের চলাচলে একটু সমস্যা হলেও তাদের কোন অভিযোগ নেই।

স্থানীয় নাগরিক শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, শহরের প্রধান সড়কের দুইপাশে নির্মিত ড্রেনের ওপর ফুটপাত হিসেবে জনসাধারণ চলাফেরা করে আসছেন। টিএনটি এলাকায় ফুটপাত দখল করে হকাররা দোকানপাট বসিয়ে দেদারছে ব্যবসা করে আসছে। ফলে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছি আমরা। মাঝে মধ্যে প্রশাসন অভিযান পরিচালনা করলেও সুফল মিলছে না।

জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া জানান, নাগরিক ভোগান্তি কমাতে আমরা সচেষ্ট আছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ফুটপাত দখল মুক্ত রাখতে আমরা একাধিকবার অভিযান পরিচালনা করে আসছি। নাগরিক দুর্ভোগ লাঘবে আবারও এব্যাপারে পদক্ষেপ নেবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.