Sylhet Today 24 PRINT

বড়লেখায় সব কেন্দ্রেই ফেল বিএনপি প্রার্থী

পৌরসভা নির্বাচন

বড়লেখা প্রতিনিধি  |  ২৯ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে ফলাফলে বিএনপির ধ্বস নেমেছে। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ১০ কেন্দ্রের একটিতেও জিততে পারেনি। তিনি পেয়েছেন ৫৯৪ ভোট। এছাড়া নিজের ভোট কেন্দ্রে ৩ মেয়র প্রার্থীর মধ্যে তিনি তৃতীয় হয়েছেন। এ নিয়ে পৌর এলাকার মানুষের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

এঅবস্থায় রাত সাড়ে ৭টায় বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ফেসবুকে লাইভের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। পাশাপাশি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি করেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানের নিজস্ব ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু বলেন, ‘এটি একটি পাতানো নির্বাচন। কারচুপি ও ভোট ডাকাতির ও পূর্বে সেটিং করা ফলাফল দেখে আমরা হতভম্ব, বিষ্মিত হয়েছি। আমরা প্রত্যাখান করছি।’

জানা যায়, বড়লেখা পৌরসভা নির্বাচনে ৩জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ধানের শীষ প্রতীক নিয়ে পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম ও মুঠোফোনে প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সাইদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।

বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোট পড়েছে ৯ হাজার ৬৭৬টি। বাতিল ভোট হয়েছে ১৮টি। বৈধ হয়েছে ৯ হাজার ৬৫৮। ৬২.৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ৫ হাজার ৯৭৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম মুঠোফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৬ ভোট। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট।

গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পেয়েছেন ১১৪, বড়লেখা সরকারি কলেজে পেয়েছেন ৪৩, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেয়েছেন ৬৩, বড়লেখা মুহাম্মদিয়া আলিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পেয়েছেন ৪৮, বড়লেখা মডেল স্কুল ভোট কেন্দ্রে পেয়েছেন ৬০, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পেয়েছেন ৫৯, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পেয়েছেন ৭৭, পাথারিয়া ছোটলিখা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পেয়েছেন ৬৯, হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পেয়েছেন ২৮, এবাদুর রহমান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ভোট কেন্দ্রে পেয়েছেন ৩৩।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.