বড়লেখা প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০২০
মৌলভীবাজারের বড়লেখায় ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ৫ দফা দাবি স্থায়ীভাবে সমাধানের জন্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।
দাবিগুলো হলো ১১ গ্রেডে বেতন প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপনণ অনুযায়ী ম্যানেজিং কমিটিতে সদস্য রাখার ব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাসুদুর রহমান তাজ, সহ সভাপতি বিজিত চক্রবর্ত্তী, আব্দুল শাকুর, অভিনাষ মোহন দে, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, অর্থ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।’