নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২০
দেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। এর প্রায় এক মাস পর ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। সিলেটের প্রথম আক্রান্ত ব্যক্তিই একজন চিকিৎসক। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।
করোনায় মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসকও তিনি। ১৫ এপ্রিল সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মঈন।
ডা. মঈনের মৃত্যুর পর পুরো দেশে তোলপাড় শুরু হয়। করোনা চিকিৎসায় অব্যবস্থাপনা ও সঙ্কটের চিত্রও সামনে নিয়ে আসে এই মৃত্যু। চিকিৎসকদের মধ্যেও এ মৃত্যু নিয়ে দেখা দেয় ক্ষোভ। ডা. মঈন উদ্দিনের মৃত্যু ২০২০ সালে সিলেটের অন্যতম আলোচিত ঘটনা।
ডা. মঈনের মৃত্যুর পর সরকারও নড়েচড়ে বসে। মৃত্যুর পর তাৎক্ষিণকভাবেই প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেন। এছাড়া তার পরিবারকে সহায়তার আশ্বাসও দেন। যা পরবর্তীতে ডা. মঈনের পরিবারকে পৌছেও দেওয়া হয়।
এরপর করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৭৪ জন চিকিৎসক মারা গেলেও অন্য মৃত্যু নিয়ে ডা. মঈনের মতো এতো তোলপাড় হয়নি। অন্যদের পরিবারও এখন পর্যন্ত সরকারি সহায়তা পাননি।
সিলেটের প্রথম আক্রান্ত ব্যক্তি হওয়ায় ডা. মঈন কিভাবে করোনায় সংক্রমিত হলেন তা এখন পর্যন্ত জানা যায়নি।
শনাক্ত হওয়ার পর প্রথমে তিনি নগরীর হাউজিং এস্টেট এলাকায় তার বাসায়ই আইসোলেশনে ছিলেন। তিনিই সিলেটের প্রথম করোনায় আক্রান্ত রোগী ছিলেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ৭ এপ্রিল রাতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে সেখানে ডা. মঈন পর্যাপ্ত চিকিৎসাসেবা পাননি বলে অভিযোগ করেছে তার পরিবার। প্রয়োজন সত্ত্বেও তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়নি বলে অভিযোগ তাদের। এমন অভিযোগের প্রেক্ষিতে ডা. মঈনের মৃত্যু নিয়ে দেশজুড়েই ক্ষোভ দেখা দেয়।
ডা. মঈনের মৃত্যুর পর করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে কোনও চিকিৎসকের মৃত্যু হলে বা আক্রান্ত হলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয় সরকার। করোনায় আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক হিসেবে মারা যান ডা. মঈন উদ্দিন। তার পরিবার ক্ষতিপূরণ পেলেও মৃত অন্যদের বিষয়ে এখনও যাচাই-বাছাই চলছে।
জানা যায়, ডা. মঈন উদ্দিনের স্ত্রী চৌধুরী রিফাত জাহান গত ২৭ এপ্রিল সরকারের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের আবেদন করেন। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগ তার ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠায়।
ডা. মঈন উদ্দিনের স্ত্রী ডা. চৌধুরী রিফাত জাহান জানান, কোরবানি ঈদের পর তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। কোনও মানুষের ক্ষতিপূরণ কখনও হয় না, তবে কথা রেখেছে বলে সরকারকে ধন্যবাদ জানান ডা. চৌধুরী রিফাত জাহান।
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন সিলেটের ইবনে সিনা হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন।