Sylhet Today 24 PRINT

সিলেটে পৌঁছেই বাড়ি চলে গেলেন লন্ডন থেকে আসা ২০৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০২০

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ঝুঁকির মধ্যে বৃহস্পতিবার লন্ডন থেকে সিলেট ফিরেছেন আরও ২০৫ যাত্রী। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা।

এনিয়ে চলতি মাসে যুক্তরাজ্য থেকে সিলেট এলেন প্রায় দেড় হাজার প্রবাসী।

এর ঠিক আগেরদিন বুধবার যুক্তরাজ্যের সাথে বিমানের ফ্লাইট বন্ধের সুপারিশ করেছিলো সংসদীয় কমিটি। আর যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। তবে এই নির্দেশনা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ফলে বৃহস্পতিবার সিলেটে আসা সব যাত্রীই নিজেদের বাড়ি চলে গেছেন। তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে ২৩৭ যাত্রীকে নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মোট ২৩৭ জন যাত্রী নিয়ে সিলেটে নামে বিমানের বিজি-২০২ ফ্লাইট। তবে সিলেট বিমানবন্দরে নামেন ২০৫ জন যাত্রী। বাকি ৩২ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।

এদিকে সিলেটে আসা ২০৫ জনই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিমের প্রধান ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর।

সম্প্রতি যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বুধবার (৩০ ডিসেম্বর) লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া ফ্লাইট বন্ধ না করা পর্যন্ত লন্ডন থেকে দেশে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালনেরও সুপারিশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.