Sylhet Today 24 PRINT

মাধবপুর সীমান্তে বিজেপির অফিস নির্মাণের চেষ্টা, উত্তেজনা

মাধবপুর প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ১৯৯৪-৪/এস পিলার মোহনপুর এলাকার নিকট ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অফিস নির্মাণের চেষ্টা চালানোর খবর পাওয়া গেছে। এ অবস্থায় বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে ধর্মঘর কোম্পানি কমান্ডার আবু বক্কর বাধা প্রদান করেন। এনিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

অফিস নির্মাণের চেষ্টার খবর পেয়ে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের (বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈনিক মজুদ রাখা হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সামিউন্নবী চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্ত এলাকার ৫০ গজের মধ্যে পাকা করে এই পার্টি অফিস নির্মাণ করা হচ্ছে। এতে বাধা দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার দুই দেশের উচ্চ পর্যায়ের সৈনিকদের মধ্যে পতাকা বৈঠক হবার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.