Sylhet Today 24 PRINT

জেলা আ.লীগের প্রস্তাবিত কমিটি থেকে বাদ পড়ছেন অনেকেই

নিজস্ব প্রতিবেদক  |  ০১ জানুয়ারী, ২০২১

সিলেট জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়ছেন কয়েকজন নেতা। পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১১ জনকে বাদ দেয়া হয় বলে জানা গেছে।

বৈঠক সূত্র জানিয়েছে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যে কমিটি জমা দিয়েছিলেন তা থেকে বাদ পড়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির হোসেন শাহীন, সদস্য ফারুক আহমদ (গোয়াইনঘাট), এস এম নুনু মিয়া (বিশ্বনাথ), গোলাম কিবরিয়া হেলাল (গোয়াইনঘাট), জাহাঙ্গীর আলম (কোম্পানীগঞ্জ) সহ মোট ১১ জন নেতা।

বাদ পড়াদের বিরুদ্ধে রাজনীতিতে নিষ্ক্রিয়তা, স্থায়ীভাবে প্রবাসে অবস্থান, জামায়াত-বিএনপি সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের যেকোন দিন কমিটি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে বৈঠক সূত্র।

এ বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শাখাওয়াত হোসেন শফিক, সদস্য ডা. মুশফিক চৌধুরী, আজিজুস সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.