Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জলমহাল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে বড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

আহত ব্যক্তিরা হলেন আবুল কালাম, শামছু মিয়া, ফজর আলী ও আতর আলী। বাকিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। আটক চারজন হলেন বড়কান্দি গ্রামের জমশের আলী, গিয়াস উদ্দিন, ছাত্তার মিয়া ও আদর মিয়া।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়কান্দি গ্রামের আরজ আলী ও চুনু মিয়ার মধ্যে একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে আরজ আলীর লোকজন মাছ মারতে গেলে বাধা দেন ‍চুনু মিয়া ও তাঁর লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাঠিসোঁটা ও বল্লম দিয়ে পাল্টাপাল্টি হামলা হয়। ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত উভয় পক্ষের ১১ জনকে হবিগঞ্জ ও বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়। তবে গ্রেপ্তার হওয়ার আতঙ্কে তাঁরা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.