Sylhet Today 24 PRINT

প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০১৫

সিলেটে অনির্দিষ্টকালের ডাকা ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সাথে বৈঠকের পর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া।

দিলু মিয়া জানান- প্রশাসনের সাথে বৈঠককালে ১৫ দিনের মধ্যে বর্ধিত টোল আদায় ও জাফলং থেকে পাথর পরিবহনে অতিরিক্ত রয়্যালিটি আদায় প্রত্যাহারের আশ্বাস দেয়া হয়। এছাড়া সিলেটের বিপর্যস্ত রাস্তাঘাট সংস্কারে দ্রুত উদ্যোগ নেয়ারও আশ্বাস দেন বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা।

প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে সিলেট ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে জানিয়ে দিলু মিয়া বলেন- নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করা না হলে ফের ধর্মঘটের ডাক দেয়া হবে।

প্রসঙ্গত, পাথর পরিবহনে অতিরিক্ত রয়্যালিটি ও বিভিন্ন সেতুতে বর্ধিত টোল আদায়ের প্রতিবাদে এবং সড়ক সংস্কারের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট শুরু হয়।

জেলা ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.