Sylhet Today 24 PRINT

সওজের ঘুম ভাঙালো জাগরণ ক্লাব

জুড়ী প্রতিনিধি  |  ০৪ জানুয়ারী, ২০২১

জনবহুল সড়কের দুই পাশে দীর্ঘদিন থেকে ঝোপঝাড়। কোথাও একদম সড়কের ওপর চলে এসেছে গাছ, লতাপাতা। এসব ঝোপঝাড়ের কারণে সড়কের দুই পাশে কোনো খালি জায়গা নেই। মূল সড়ক দিয়ে চলাচল করতে হয় পথচারীদের। এছাড়া পাশাপাশি দুটি গাড়ি চালাতে (ওভার টেকিং) সমস্যায় পড়েন চালকরা। এতে দূর্ভোগ পোহাতে হয় পথচারীদেরও।

অপরদিকে ১৭ কিলোমিটার এই সড়কে ছোট বড় বিপদজনক বাকঁ রয়েছে প্রায় ১২ টি। ঝোপঝাড়ের কারণে বাঁকের উল্টো দিকে কী আছে, দেখার সুযোগ নেই। এতে প্রায়ই রাস্তার এসব জায়গায় দূর্ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে সম্প্রতি সড়কের দুই পাশের ঝোপ পরিষ্কারের উদ্যোগ নেয় স্থানীয় জাগরণ সমাজকল্যাণ সংস্থা গোয়ালবাড়ি নামের একটি ক্লাব। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার। ক্লাবটি উপজেলার গোয়ালবাড়ি বাজার সংলগ্ন সড়কের বাকেঁর দুই পাশের ঝোপ পরিষ্কার করেছে।

তাদের এ কাজের পর জুড়ী থেকে লাঠিটিল্লা পর্যন্ত রাস্তার দুই পাশের ঝোপ পরিষ্কার করতে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। দীর্ঘদিন থেকে জেগে উঠা ঝোপ পরিষ্কার না করায় তাদের প্রতি ক্ষোভ ছিলো এই এলাকার মানুষের। জাগরণ সমাজকল্যাণ সংস্থার এই উদ্যোগের পর তাদের ঘুম ভাঙলো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

ক্লাবের সদস্যরা জানান, বছরে প্রায় ৪-৫ টা দূর্ঘটনা ঘটে এসব বাকেঁ। গত ১৬ ডিসেম্বর এখানে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নাহিদ নামের ১৮ বছরের এক যুবক প্রাণ হারায়। তাই তারা সেচ্ছায় রাস্তার দুইপাশের ঝোপ পরিষ্কার করেছি আমরা। মাটি কেটে রাস্তা বড় করেছেন। এতে মানুষের চলাচলে সুবিধা হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর জানান, আমাদের নিয়মিত কাজ হিসেবে রাস্তার দুই পাশ পরিষ্কার করা হচ্ছে। এই রাস্তা আগে ছোট ছিল এখন বড় করা হয়েছে তাই চালকগণের দ্রুত গতিতে গাড়ি চালানোর কারনে অনেক সময় দূর্ঘটনা ঘটে। রাস্তার পাশে সাইনবোর্ড টানানোর বাজেট কম আমাদের কাছে। আমরা বাজেট বাড়িয়ে এই রাস্তার দুই পাশে সাইনবোর্ড লাগিয়ে দেব শীঘ্রই। জাগরল সমাজকল্যাণ সংস্থা যে কাজ করেছে তার ভূয়সী প্রশংসা ও করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.