Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক উদ্ধার অভিযানকালে র‌্যাবের উপর হামলা

মাধবপুর প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামে মাদক উদ্ধার অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এসময় ২ র‌্যাব সদস্যকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে তোফাজ্জল হোসেন শাকিল নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শাকিল মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার(৪ডিসেম্বর)দুপুর ১২টার দিকে ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মেহেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ভৈরব-১৪ ক্যাম্পের আহত র‌্যাব সদস্য মাসুদুর রহমান, গাড়ী চালক আপন বড়–য়া এবং গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী তোফাজ্জল ইসলাম শাকিলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের সোর্স লিটন মিয়া আহত হয়েছেন। তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে র‌্যাবের অভিযান দল গুলিবিদ্ধ তোফাজ্জল হোসেন শাকিল ও তার পিতা আক্তার হোসেনকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করেছে।

অভিযান পরিচালনাকারী র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ১২টার দিকে মেহেরপুর গ্রামের মাদক ব্যবসায়ী আক্তার মিয়ার বাড়িতে অভিযান পরিচালনাকালীন সময়ে আক্তার মিয়া ও তার ছেলে তোফাজ্জল হোসেন শাকিল সহ ১০/১২জন লোক দা, লাঠি নিয়ে র‌্যাব সদস্যদের  উপর অতর্কিতে হামলা চালায়। তাদের অস্ত্রের আঘাতে র‌্যাব সদস্য মাসুদুর রহমান, গাড়ী চালক আপন বড়ুয়া আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্য মাসুদুর রহমান পিস্তল দিয়ে ৩ রাউন্ড গুলি ছুড়ে। এতে মাদক ব্যবসায়ী তোফাজ্জল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় মাধবপুর থানায় মাদক ও র‌্যাব এসল্ট ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাধবপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, তোফাজ্জল হোসনের দুই উরুতে ও তলপেটের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.