মাধবপুর প্রতিনিধি | ০৫ জানুয়ারী, ২০২১
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মেহেরপুর গ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হাতে ২ র্যাব সদস্য আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোর রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের নায়েক সুবেদার তহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৪টি মাদক মামলার আসামী আক্তার মিয়াকে প্রধান করে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার দুপুর ১২টার দিকে র্যাব-১৪ ভৈরবের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যুবায়েরের নেতৃত্বে একদল র্যাব সদস্য মেহেরপুর গ্রামের আক্তার মিয়ার বাড়ীতে মাদক উদ্ধারের অভিযানে গেলে তার নেতৃত্বে একদল লোক র্যাব সদস্যের উপর দা, লাঠি নিয়ে হামলা চালায় এতে র্যাব সদস্য মাসুদুর রহমান ও আপন বড়ুয়া চৌধুরী আহত হন। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে তোফাজ্জল হোসেন শাকিল নামে এক মাদক ব্যবসায়ী গুরুতর আহত হয়। তিনি এখন ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
পরে র্যাবের হাতে আটক ৪টি মাদক মামলার আসামী আক্তার মিয়াকে র্যাব এসল্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।