Sylhet Today 24 PRINT

ছাতকে তিন ধর্ষণ মামলায় ৩ আসামি গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০২১

ছাতকে পৃথক তিন ধর্ষণ মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার এক স্কুল ছাত্রীকে  পাশবিক নির্যাতনের অভিযোগে ইয়াছিন মিয়া (১৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইয়াছিন মিয়া উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বিনন্দপুর গ্রামের মোস্তফা মিয়ার পুত্র।

 স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ওই স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতন করেন ইয়াছিন। বিষয়টি জেনে লোকলজ্জার ভয়ে তাৎক্ষনিকভাবে কাউকে না জানিয়ে গোপন করার চেষ্টা করে নির্যাতিতার পরিবার।

এদিকে ঘটনার পর থেকে নির্যাতিতা শিশু ব্যথা ও অতিরিক্ত রক্তক্ষরনের ফলে সে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে রোববার তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওআইসিসি ইউনিটে।

এ ঘটনায় সোমবার নির্যাতিতা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ইয়াছিনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে ছাতক থানায় একটি মামলা (নং-০২) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশের সাড়াশি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া ছাতকের হরিষপুর-মুক্তিরগাও থেকে আরেকটি ধর্ষণ মামলায় বতাই মিয়ার পুত্র রাসেল মিয়াকে (২৬)পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামী রাসেল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
 
এছাড়াও জাউয়াবাজার ইউনিয়নের লক্ষনসোম গ্রামের ইরন মিয়ার পুত্র সুমন মিয়া( ২২) নামক আরেক ধর্ষণ মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.