Sylhet Today 24 PRINT

যান্ত্রিক ত্রুটিতে ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন নগরের অনেক এলাকা

নিজস্ব প্রতিবেদক |  ১০ জানুয়ারী, ২০২১

যান্ত্রিক ত্রুটির কারণে ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে সিলেট নগরের কয়েকটি এলাকা। ফলে বিপাকে পড়েছেন নগরের এসব এলাকার বাসিন্দারা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের (পিডিবি) সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, নগরের নয়সাড়ক ফিডে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। শনিবার এই ত্রুটি দেখা দিলেও তা চিহ্নিত করতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে দীর্ঘসময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে এই ফিডের আওতাধীন এলাকা।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে নগরের নয়াসড়ক, জেলরোড, বারুতখানা, পূর্ব জিন্দাবাজারসহ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন রয়েছে। মাঝে কয়েকবার বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পর ফের চলে যায়।

বিদ্যুৎ না থাকার ফলে এসব এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। ব্যাহত হচ্ছে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম।

পিডিবি সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, নয়াসড়ক ফিডে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা ত্রুটি চিহ্নিত করেছি। তবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ঠিক করতে আরও কিছুটা সময় লাগবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.