Sylhet Today 24 PRINT

শ্রীধামের গলার কাঁটা দুই বিদ্রোহী, সুবিধাজনক অবস্থায় মানিক

মাধবপুর পৌরসভা নির্বাচন

হামিদুর রহমান, মাধবপুর  |  ১৪ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন ৪ জন। এরমধ্যে ৩জনই আওয়ামী লীগের। বাকী একজন বিএনপির। একই দলের তিন নেতা একই পদে প্রার্থী হওয়ায় বিপাকে পড়েছে ক্ষমতাসীন দলটি। অপরদিকে একক প্রার্থী থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি।

আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন চলছে শেষ মূহূর্তের প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্ঘুম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ তাদের সমর্থকরা। বড় দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্র ও জেলার নেতারা প্রায় প্রতিদিনই প্রচারনায় অংশগ্রহন করছেন।

এ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রীধাম দাস গুপ্ত। নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন তিনি। তার পক্ষে প্রতিদিনই কেন্দ্র ও জেলার নেতারা প্রচারণায় অংশ নিচ্ছেন। তবে শ্রীধামের গলার কাঁটা হয়ে ওঠেছেন তার দলেরই দুই বিদ্রোহী। দলীয় মনোনয়ন না পেয়ে এই পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম ও আওয়ামী লীগের নেতা পংকজ সাহা। এই তিন নেতাকে নিয়ে দলীয় কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন। ফলে বিদ্রোহীদের কারণে নিজেদের দুর্গ হিসেবে পরিচিত মাধবপুরে বিপাকে পড়েছে আওয়ামী লীগ।

সেক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক। এক প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে পৌর শহরসহ আশ-পাশ এলাকায় পোষ্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। প্রচার-প্রচারণা ও মাইকিংয়ে মাধবপুর পৌর এলাকার জনপদ। কে হচ্ছেন আগামীর পৌর পিতা তা নিয়ে আলোচনা গড়িয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগঞ্জে।

আওয়ামীলীগের মেয়র প্রার্থী শ্রীধাম দাস গুপ্ত জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আশা করি পৌরবাসী নৌকার মান রাখবেন।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক বলেন, আমি আশাবাদী প্রশাসন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণ যদি কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারে তাহলে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীক বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী, আওয়ামী লীগের সাবেক নেতা পংকজ কুমার সাহা বলেন- আমার বড় ভাই ১০ বছর ধরে পৌরসভার মেয়র হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। ১০ বছরে পৌরসভায় বিপুল উন্নয়ন হয়েছে। বড় ভাইয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসী আমাকে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ় আশাবাদী।

আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের অব্যাহতি প্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম বলেন, পৌরবাসী আগেও আমাকে ২ বার মেয়র নির্বাচিত করেছিলেন। এবারও আমাকে পৌরবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম জানান- নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

১৯৯৭ সালে ৯টি ওয়ার্ড নিয়ে মাধবপুর পৌরসভা গঠিত হয়। বর্তমানে এ পৌরসভার মোট ভোটার ১৫ হাজার ৯৮৭জন। ১৬ জানুয়ারি ৫ম বারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪ জন মেয়র, ৩৭জন কাউন্সিলর ও ৭জন মহিলা কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে প্রতিদন্ডিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.