Sylhet Today 24 PRINT

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাছুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে হাওরপার ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জেলা।

সকাল থেকে শহরের রাস্তায় খুব অল্প সংখ্যক যানবাহন দেখা গেছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। ঘন কুয়াশা আর শীতের কারণে মানুষজনের চলাফেরাও কম লক্ষ্য করা গেছে।

আবহাওয়াবিদ মো. জাহেদুল ইসলাম মাছুম জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। আরও কয়েকদিন শীত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.