Sylhet Today 24 PRINT

স্ত্রীর মোবাইল ফোন নিয়ে ঝগড়া, ভাইয়ের হাতে ভাই খুন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার মির্জাপুর চা বাগানে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সুত্রে জানা যায়, রঞ্জিত কয়রার (২৮) স্ত্রী মোবাইল ফোনে স্পিকার সংযুক্ত করে গান বাজাচ্ছিলেন। এতে বাধা দেন রঞ্জিতের ছোট ভাই সঞ্জিত (২৫) কয়রা। আপত্তির পরও গান বন্ধ না করায় সঞ্জিত ভাবীর মোবাইল ফোন ভেঙ্গে ফেলেন।

বিকেলের দিকে রঞ্জিত বাইরে থেকে ঘরে ফিরলে মোবাইল ফোন ভাঙা নিয়ে নালিশ করেন স্ত্রী। এতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেধে যায়। এক পর্যায়ে সঞ্জিত দা দিয়ে কুপিয়ে বড় ভাই রঞ্জিতকে গুরুতর আহত করেন। আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে। বিষটি নিয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.