Sylhet Today 24 PRINT

অনন্ত হত্যা: ফারাবিসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ, আরো ৩ জন শ্যোন এরেস্ট

নিজস্ব প্রতিবেদক |  ০৪ নভেম্বর, ২০১৫

ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় বিতর্কিত ব্লগার ফারাবি শফিউর রহমানসহ ৪ জনকে রিমান্ডে নিতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সিলেট মহনগর হাকিম ২য় আদলতে ফারাবিসহ ৪ জনের ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী। তবে ফারাবি শফিউর রহমান আদালতে উপস্থিত না থাকায় পিছিয়ে যায় রিমান্ডের শুনানি।

১৯ নভেম্বর রিমান্ড শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।

বুধবার অনন্ত হত্যা মামলায় আরো ৩ জনকে শ্যোন এরেস্ট দেখানো হয়। সকালে সিলেট মহানগর ২য় হাকিম আদালতে দুলাল বিশ্বাস, আবুল হাসান ও জাফরান হাসানকে হাজির করে এই হামলায় এই মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়।

গ্রেফতার দেখানো সকলেই ঢাকায় খুন হওয়া বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামী। এই নিয়ে অনন্ত হত্যা মামলায় ১২ জনকে গ্রেফতার করা হলো। এরমধ্যে ফটোসাংবাদিক ইদ্রিস আলী জামিনে আছেন ও মান্নান রাহি আদলতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

এই আগে এই তিনজনসহ ফারাবি শফিউর রহমানকে অনন্ত হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে আজ আদালতে ফরাবি হাজির না থাকায় তাকে গ্রেফতার দেখান নি বিচারক।

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুক্তমনা লেখক ও ব্লগারদের হুমকী প্রদান করে আলোচনায় উঠে আসে ফারাবি। ২০১৩ সালে খুন হওয়া ব্লগার রাজিব হায়দারের জানাযা পড়ানো ইমামকে হত্যার হুমকী দিয়ে ধর্মীয় উগ্রবাদী হিসেবে দেশজুড়ে পরিচিতি পায় ফারাবি। গত ফেব্রুয়ারিতে অভিজিৎ রায়কে হত্যার পর সিলেট থেকে গ্রেফতার করা হয় তাকে।

আজ শ্যোন এরেস্ট দেখানো ৩ জনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা আরমান আলী।

সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় ১২ মে সকালে ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হন। আনসার বাংলা ৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

এ হত্যাকাণ্ডের ব্যাপারে ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে অনন্ত বিজয় দাশের বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার সিআইডি’র অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অনন্তসহ সকল ব্লগার হত্যায় একই গোষ্ঠি জড়িত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.