নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারী, ২০২১
সিলেটের উন্নয়ন কাজ পরিদর্শনে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট এসে পৌঁছান। এসময় সিলেট সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।
সেখান থেকে তারা সিলেট সার্কিট হাউজে যান। এসময় তাদের বিশেষ সম্মান জানায় জেলা ও মহানগর পুলিশ।
দিনভর তাদের সিলেট মহানগরী ও এর আশেপাশের সরকারি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে সিলেট সিটি করপোরেশনের লালমাটিয়া ডাম্পিং ইয়ার্ড, বাস টার্মিনাল, মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতান, সুরমা নদীর তীরবর্তী সৌন্দর্য বর্ধন কার্যক্রম, হলদিছড়া, ধোপাদিঘী, মানিকপীর কবরস্থান, শাহী ঈদগাহসহ সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প।
বিকেল তিনটায় নগরের একটি অভিজাত হোটেলে সিলেটের উন্নয়ন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন।