Sylhet Today 24 PRINT

সিলেট নগরের উন্নয়নে আরিফুল হকের ৭ প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০২১

সিলেট নগরকে যানজটমুক্ত আধুনিক হিসেবে গড়ে তোলা এবং সিলেট সিটি করপোরেশনকে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ৭ টি প্রস্তাবনা পেশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৮ জানুয়ারি) সিলেটের একটি হোটেলের হলরুমে নগরীর উন্নয়ন নিয়ে ‘উন্নয়ন অগ্রযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবনাগুলো হলো নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করার জন্য ২৭ টি ওয়ার্ডে ৩৬ জন কাউন্সিলরের জন্য স্থায়ী কার্যালয় নির্মাণ, নগরীর শিশু কিশোরদের জন্য ৩/৪ টি খেলার মাঠ, সিটি করপোরেশনের আয় বাড়ানো ও নগরীর যত্রতত্র পশুর হাটের চাপ কমাতে নগরীর চারদিকে চারটি পশুর হাট নির্মাণ, নগর ভবনের তত্ত্বাবধানে নির্দিষ্ট পার্কিং প্লেস নির্মাণ, সিলেটে আসা পর্যটকদের জন্য নির্দিষ্ট পার্কিং ও বিশ্রামাগার নির্মাণ, সিলেটবাসীকে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে কারিগরি শিক্ষার সুবিধাসহ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, যানজটমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে নগরীর চালের আড়ত, কাঁচা বাজার ও ফলের আড়তকে দক্ষিণ সুরমার একই স্থানে সরিয়ে নেয়া।

আরিফুল হক তার বক্তব্যে বলেন, বর্তমানে সিলেটের রাস্তাঘাট প্রশস্ত হয়েছে। বেশকিছু এলাকার যানজট ও হকার সমস্যা ইতিমধ্যেই নিরসন হয়েছে। এছাড়া বর্তমানে নগরবাসী দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছেন। এমতাবস্থায় সিলেটকে একটি আদর্শ আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি তার বক্তব্যের শুরুতেই সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.