Sylhet Today 24 PRINT

সিলেটে সরস্বতী পূজার শোভাযাত্রায় এবার সাউন্ড সিস্টেম থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০২১

আসন্ন সরস্বতী পূজা সরকারের স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বরভাবে আয়োজন করা হবে। একই সাথে সিলেটের ঐতিহ্যবাহী সরস্বতি পূজা প্রতিমা শোভাযাত্রায় থাকবে না সাউন্ড সিস্টেম ব্যবহার।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মদন মোহন কলেজ শহীদ সোলেমান হল মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষ্যে এক জরুরী মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বানী অর্জুনের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় জরুরী মতবিনিময় সভায় আরো সিদ্ধান্ত হয়- সরস্বতী পূজোর দিন দর্শনার্থী, পূজারী, পুরোহিত সহ সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে অঞ্জলি প্রদান সহ স্বাত্তিকতা মেনে শুধুমাত্র ধর্মীয় আচার-আচরণ পালন করার সিদ্ধান্ত হয়। এছাড়া রাত ১০টা পর্যন্ত পূজামন্ডপে সীমিত শব্দে ধর্মীয় গান বাজানোর সিদ্ধান্ত হয় এবং কোন পূজামন্ডপে আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সরস্বতী পূজার প্রতিমা শোভযাত্রার বর্ণিল আয়োজন সংক্ষিপ্ত করে সাউন্ড সিস্টেম ছাড়া শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে শোভাযাত্রা করার সিদ্ধান্ত হয়। সভায় স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক সহ সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সিলেট মহানগরীর প্রায় শতাধিক পূজামন্ডপের সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিরা জরুরী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর কমিটির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মদন মোহন কলেজের অধ্যাপক আশুতোষ দাস, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও পূজা পরিষদের সিনিয়র নেতা বিজিত চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও মহানগর পূজা পরিষদের উপদেষ্টা জগদীশ চন্দ্র দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মদন মোহন কলেজের প্রাক্তন জিএস বিধান সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও পূজা পরিষদের সিনিয়র সদস্য তপন মিত্র, মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, পূজা কমিটির পক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সঞ্জয় কুমার নাথ, অপূর্ব কুমার দাস।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, দেবাশীষ দে বাসু, মহানগর পূজা পরিষদের সভাপতি সুব্রত দেব, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর যুগ্ম সম্পাদক চন্দন দাশ, প্রভাষক উজ্জল দাস, মিন্টু পাল, জেলা যুগ্ম সম্পাদক অরুন দেবনাথ সাগর, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পিযুষ কান্তি দে, মহানগর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক মনোজ দত্ত মুন্না, নিখিল দে, লিটন পাল, জোনাক চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.