Sylhet Today 24 PRINT

সিলেটের তিনটিসহ ৬২ পৌরসভায় আজ ভোট

নিজস্ব প্রতিবেদক  |  ৩০ জানুয়ারী, ২০২১

সিলেটের তিনটিসহ ৬২ পৌরসভায় শনিবার আজ ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।ব্যালট পেপারে এসব পৌরসভায় ভোট হবে।

সিলেট বিভাগের যে তিনি পৌরসভায় ভোট

মৌলভীবাজার সদর; সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ। এদিকে মৌলভীবাজার সদর পৌরসভার ভোটের আগের দিন নির্বাচন বর্জন করেছেন বিএনপি প্রার্থী।

সিলেট বিভাগের বাইরের অন্য পৌরসভাগুলো হচ্ছে- গাইবান্ধার গোবিন্দগঞ্জ; নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর; বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু; রাজশাহীর মুন্ডুমালা; ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর; বাগেরহাটের মোড়েলগঞ্জ; কুমিল্লার চৌদ্দগ্রাম ও বরুড়া; চাঁদপুরের হাজীগঞ্জ; ফেনী সদর; মুন্সীগঞ্জ সদর; শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ; ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা; শেরপুরের নকলা; নাটোরের সিংড়া; রাজশাহীর কেশরহাট; চুয়াডাঙ্গার দর্শনা; ঝালকাঠির নলছিটি; নেত্রকোণার দুর্গাপুর; যশোরের মনিরামপুর; নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী; লক্ষ্মীপুরের রামগঞ্জ; কিশোরগঞ্জের কটিয়াদী; গোপালগঞ্জের টুঙ্গিপাড়া; টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখিপুর, মধুপুর ও মির্জাপুর; বরগুনা সদর ও পাথরঘাটা; ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান; শেরপুরের নালিতাবাড়ী; কুড়িগ্রামের উলিপুর; দিনাজপুরের হাকিমপুর; চাঁপাইনবাবগঞ্জের রহনপুর; নড়াইল সদর ও কালিয়া; সাতক্ষীরার কলারোয়া; রাজবাড়ীর পাংশা; পিরোজপুরের স্বরূপকাঠি; বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ; জামালপুরের সরিষাবাড়ী; নীলফামারীর জলঢাকা; পাবনা সদর এবং খুলনার পাইকগাছা।

প্রথম দুই ধাপের নির্বাচনে গোলযোগ-সংঘর্ষ হওয়ায় এবারের পৌর ভোটে বিশেষ সতর্কতা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান শুক্রবার বলেন, ‘তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী মালামাল ইতোমধ্যে সব কেন্দ্রে পৌঁছে গেছে। শনিবার সকালেই পৌঁছাবে ব্যালট পেপার।’

তিনি জানান, প্রায় ১৯ লাখ ভোটারের এসব পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে।

নির্বাচনী এলাকায় বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরা থাকছেন।

তৃতীয় ধাপে পরিস্থিতি ভালো রাখতে কমিশনের উদ্যোগের বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির শান্তিপর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত সংখ্যক নিয়োজিত রাখা হচ্ছে অনেক এলাকায়। বিজিবির প্লাটুন বাড়ানো হয়েছে। সব কিছু মিলিয়ে পৌর ভোটের পরিবেশ ভালো থাকবে। সার্বিক পরিবেশ নিয়ে কমিশন বেশ সজাগ রয়েছে। যেমন চাহিদা ছিল সেই সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দেওয়া হয়েছে।’

ইতোমধ্যে দুই ধাপে ভোটে বেশ কয়েকটি এলাকায় সহিংসতা-গোলযোগের ঘটনা ঘটে। মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হলেও বিদ্রোহী এবং কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অনেক সময় সংঘাতের ঘটনা দেখা দেয়।

প্রথম ধাপে ইভিএমে এবং দ্বিতীয় ধাপে ইভিএম ও ব্যালট পেপারে ভোট হয়। তৃতীয় ধাপের সব পৌরসভায় ব্যালট পেপারে ভোট হবে।

ভোটের লড়াইয়ে ১০ দল : মেয়র পদে সব মিলিয়ে মোট ১০টি দলের প্রার্থী রয়েছে এই ধাপের ভোটে। তবে বরাবরের মতোই মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে। পৌর ভোটের এই ধাপে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কনিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, জাতীয় গণতান্ত্রিক দল-জাগপা, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি ও বাংলাদেশ কংগ্রেস।

মেয়র পদে দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

এ ধাপে ৬৪ পৌরসভায় ভোটের তফসিল হলেও শনিবার ভোট হবে ৬২ পৌরসভায়। এক প্রার্থীর মৃত্যুর পর ত্রিশাল পৌর ভোট চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি নেওয়া হবে।

আর কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার ভোটের প্রয়োজন হচ্ছে না।

ভোট তথ্য : তৃতীয় ধাপে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ৩৩৪৪ জন। এরমধ্যে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৩৬০ জন। ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার। মোট ওয়ার্ডের সংখ্যা ৫৯৯টি, কেন্দ্র সংখ্যা ৮৫৪।

এ ধাপে মেয়র পদে তিনজন, সংরক্ষিত কাউন্সিলর পদে নয়জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম ও বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

১৪ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ছিল ১০ জানুয়ারি। ৩০ জানুয়ারি ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.